


কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ না করার সিদ্ধান্ত জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা আবদুল্লাহ রানা। প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন।
কারিনা কায়সারের মৃত্যুর পর গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে আবদুল্লাহ রানা সরাসরি জানান, তিনি শোক প্রকাশ করবেন না।
তিনি বলেন, প্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে মেলে না, তাই তিনি দুঃখ প্রকাশ করছেন না।
তার ভাষায়, “এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নেই। হয়তো দুঃখ প্রকাশ করা উচিত, কিন্তু আমি করব না।”
তিনি আরও বলেন, একজন শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশের ধরন নিয়ে তার ভিন্ন মত রয়েছে।
আবদুল্লাহ রানা বলেন, একজন অভিনেতা তার কাজের মাধ্যমে রাজনৈতিক অবস্থান প্রকাশ করবেন, কিন্তু প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া বা ‘দলবাজি’ তার মতে গ্রহণযোগ্য নয়।
তবে তিনি স্পষ্ট করেন, রাজনীতিতে শিল্পীদের অংশগ্রহণ তিনি পুরোপুরি নাকচ করেন না। তার মতে, একজন শিল্পী চাইলে রাজনীতি করতে পারেন, আবার রাজনীতিবিদও অভিনয়ে আসতে পারেন—এতে কোনো সমস্যা নেই।
গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তার মরদেহ রোববার দেশে আনা হচ্ছে। পরে ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।