Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মায়ের উদ্দেশে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মায়ের উদ্দেশে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

May 19, 2026 08:42:27 PM   অনলাইন ডেস্ক
মায়ের উদ্দেশে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবিদাস (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে মায়ের উদ্দেশে লেখা আবেগঘন বার্তা পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আত্মহত্যার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার মাঝুখান রেলস্টেশন সংলগ্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুনীল রবিদাস রেললাইনের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে তিনি প্রথমে লাইনের পাশেই দাঁড়িয়ে থাকেন। পরে ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ হাতে থাকা চিরকুটটি ফেলে দিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— “মিস ইউ অল। আমার ভুলগুলো ক্ষমা করে দিও মা।” চিরকুটে আরও দুটি মোবাইল নম্বরও পাওয়া যায়।

নিহত সুনীল রবিদাসের বাবার নাম মৃত লাল চন্দ্র রবিদাস। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এ পিয়ন পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তার পরিচয়পত্র থেকে জানা যায়, তার স্থায়ী ঠিকানা ঢাকার হাজারীবাগ বিডিআর ১ নম্বর গেট, গণতলী, সিটি কলোনি এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার মুহূর্তে সুনীল কিছুক্ষণ রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে হঠাৎ করেই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন, ফলে কোনো ধরনের প্রতিরোধের সুযোগ ছিল না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া তারা সম্পন্ন করবে।

এদিকে চিরকুটের উদ্ধৃতি দিয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক হতাশা বা মানসিক বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এই ঘটনার পেছনের কারণ এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও চিরকুটটি এলাকায় গভীর আলোচনার জন্ম দিয়েছে।