


দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। এ নিয়ে চলতি মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ২৪৩ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে।
নতুন মৃত্যুর তথ্য অনুযায়ী, একজন শিশু বরিশালে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় ৩ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৩৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে আরও ৭৫ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
এছাড়া এই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে। এর মধ্যে ৪২ হাজার ৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ জন শিশু। তবে এখনো বড় একটি অংশ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি ও জনসচেতনতা আরও বাড়ানো জরুরি।