Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানাতে উপস্থিত শীর্ষ রাজনৈতিক নেতারা - দৈনিক দেশেরপত্র -...

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানাতে উপস্থিত শীর্ষ রাজনৈতিক নেতারা

May 17, 2026 01:57:47 PM   দেশেরপত্র ডেস্ক
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, শ্রদ্ধা জানাতে উপস্থিত শীর্ষ রাজনৈতিক নেতারা

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান সিনহা–এর জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজা শেষে প্রধানমন্ত্রীসহ উপস্থিত নেতারা মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের সময় তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি দেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠান একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং পরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

জানাজা শেষে মরহুমের মরদেহ মুন্সিগঞ্জে নিয়ে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।