Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী!

April 17, 2026 09:06:31 PM   দেশেরপত্র ডেস্ক
সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী!

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের সংকটময় সময়ে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একের পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃষক, খামারি ও মৎস্যজীবীদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে। পাশাপাশি নিম্নআয়ের মানুষের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে।

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, কর্মসংস্থানই অর্থনীতির মূল চালিকাশক্তি। তবে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক কাঠামোর কারণে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বর্তমানে দেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে নারী ও উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এই হার উদ্বেগজনক।

তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে এবং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বাস্তবমুখী ও টেকসই পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলার শিল্প ও গবেষণা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। শহরতলির গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় অবস্থিত জোবায়দা করিম জুট মিল পরিদর্শনকালে পাটজাত পণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং বহুমুখী পণ্যের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং শিল্পখাতের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের চলমান গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।