


চলতি বছরের হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ রাতের প্রথম ফ্লাইটের মাধ্যমে। এর আগে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের আগমন শুরু হয়েছে। এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনা ও সেবার মান নিশ্চিত করতে হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি হজযাত্রীদের সর্বোচ্চ সেবা ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় ধর্মমন্ত্রী হজক্যাম্প পরিদর্শনে যান। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হজ কার্যক্রমে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা করা একটি পবিত্র দায়িত্ব ও খেদমত হিসেবে গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই যেন তারা কষ্ট বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এবার বাংলাদেশ থেকে হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে পবিত্র হজ পালন করতে পারেন—সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। হজযাত্রীদের সেবায় কোনো ধরনের ঘাটতি না রাখার বিষয়ে তিনি পুনরায় কঠোর নির্দেশনা দেন।