


কুড়িগ্রাম প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও তথ্য অধিদপ্তরের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড, খালখনন, বৃক্ষরোপণ, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ কার্যক্রমের সুফল নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নজির হোসেনের সভাপতিত্বে এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সাংবাদিকরা এই সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজির হোসেন জানান, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। এছাড়া খালখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ ও কৃষিকে টেকসই করতে সহায়তা করছে। কৃষকদের জন্য দেওয়া কার্ড এবং ক্ষুদ্র ঋণের মওকুফ সুবিধা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। জনকল্যাণমূলক এসব কাজের ধরণ যেন আরও বেগবান হয়, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মিলে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা সরকারের এসব উন্নয়নমূলক কাজের ইতিবাচক দিকগুলো গণমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সভায় কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।