


চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় যুবলীগের হামলায় দুই যুবদল কর্মী রক্তাক্ত জখম হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপির অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার রাত ৮টায় দর্শনা-মুজিবনগর সড়কে এই বিক্ষোভ মিছিল শেষে দর্শনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া গ্রামের সোহাগ ও লাল্টুর নেতৃত্বে ৭ থেকে ৮ জন ব্যক্তি সোলমারি মাঠে এই হামলা চালিয়েছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মী পলাশ ও সোহান জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পলাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
এই হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে দর্শনা পুরাতন বাজার থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, যুবদল নেতা মুস্তাফিজুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন এবং ছাত্রদল নেতারা।
বক্তারা এই হামলার ধরণকে অত্যন্ত নৃশংস বলে অভিহিত করেন এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানিয়েছেন, এই ঘটনায় ভুক্তভোগী পলাশের বাবা জান্টু মন্ডল বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল।