Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজবাড়ীর কালুখালীতে দুই ডাটা এন্ট্রি অপারেটরকে শোকজ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ীর কালুখালীতে দুই ডাটা এন্ট্রি অপারেটরকে শোকজ!

May 13, 2026 07:35:25 PM   জেলা প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে দুই ডাটা এন্ট্রি অপারেটরকে শোকজ!

বোরহান উদ্দিন, রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধন কার্যক্রমে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই ডাটা এন্ট্রি অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্প‌তিবার জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে এ তথ‌য জানা‌নো হয়।

শোকজপ্রাপ্ত ওই দুই কর্মচারীর নাম অমরেশ সরকার ও মোঃ শরীফুল ইসলাম। তারা দুজ‌নেই কালুখালী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত আছেন।

‌শোকজ নো‌টি‌শে উ‌ল্লেখ করা হয় , গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ভোটার নিবন্ধন কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও বিধি লঙ্ঘনের অভিযোগে একটি প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করা হয়। অনুসন্ধানে অভিযোগ উঠে, নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীদের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে অনলাইনে যাচাই না করেই ভোটার নিবন্ধন কার্যক্রমে সহায়তা করা হয়েছে।

অভিযোগে বলা হয়, জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, বিদ্যুৎ বিল ও রক্তের গ্রুপের রিপোর্ট যাচাই ছাড়াই ভোটার নিবন্ধন সম্পন্নে সহায়তা করা হয়েছে, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী এবং দায়িত্বে অবহেলার শামিল। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড ভোটার তালিকার সঠিকতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তির ঝুঁকি বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনায় কেন তা‌দের বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশও দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন কালুখালী উপজেলা নির্বাচন অফিসের দুই জন ডাটা এন্ট্রি অপারেটরের বিষয়ে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং সেই নোটিশে আমার সকল বক্তব্য দেয়া আছে এখন তারা চিঠির উত্তর দিবে তাদের উত্তরে নির্দেশ প্রমাণ করতে পারলে ভালো না হলে অফিস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।