Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

January 17, 2026 06:49:15 PM   অনলাইন ডেস্ক
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এদিন দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে।

দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

রিজভী আরও জানান, ১৯ জানুয়ারি শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলার, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিনটি স্মরণীয় করতে ইতোমধ্যে পোস্টার তৈরি করা হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।