


রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশু রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি ও রোগীদের সেবার মান সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
হাসপাতাল পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং রোগীদের যথাযথ যত্ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি রাজধানীর আসাদগেট এলাকায় একটি পেট্রোল পাম্পেও যান। সেখানে তিনি জ্বালানি নিতে আসা সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।