Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জানালার ফাঁক দিয়ে পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ, আলোচনায় শিক্ষামন্ত্রীর ভিন্নধর্মী পরিদর্শন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্য...

জানালার ফাঁক দিয়ে পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ, আলোচনায় শিক্ষামন্ত্রীর ভিন্নধর্মী পরিদর্শন

April 18, 2026 07:36:01 PM   দেশেরপত্র ডেস্ক
জানালার ফাঁক দিয়ে পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ, আলোচনায় শিক্ষামন্ত্রীর ভিন্নধর্মী পরিদর্শন

রাজধানীর একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আনুষ্ঠানিকতা নয়, বরং নীরবে জানালার ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। তবে তার এই পরিদর্শন সাধারণ আনুষ্ঠানিক পরিদর্শনের মতো ছিল না, বরং তিনি কোনো ধরনের কোলাহল বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় মন্ত্রীকে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ভেতরে পরীক্ষার্থীরা যখন মনোযোগ দিয়ে পরীক্ষা দিচ্ছিল, তখন বাইরে থেকে তিনি পুরো পরিবেশের শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে এই মুহূর্তটি উঠে আসে, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানামুখী আলোচনার জন্ম দেয়।

এদিন সকালে তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সার্বিক পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে চার ধাপে এমসিকিউ পদ্ধতিতে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যার একটি ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।