Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শিক্ষার লক্ষ্য চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরি: মাহদী আমিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিক্ষার লক্ষ্য চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরি: মাহদী আমিন

May 19, 2026 06:27:46 PM   দেশেরপত্র ডেস্ক
শিক্ষার লক্ষ্য চরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক তৈরি: মাহদী আমিন

শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের মূল্যবোধ, নৈতিকতা ও চরিত্র গঠনের একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো ব্যক্তিকে জ্ঞান, দক্ষতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ করে তাকে দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

গতকাল সোমবার লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এ তিনি এসব কথা বলেন। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন, যেখানে শিক্ষা খাতের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তারা বিভিন্ন সেশনে বক্তব্য দেন এবং বৈশ্বিক শিক্ষা উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

আলোচনার সময় তারা শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়নভিত্তিক তথ্যের কার্যকর ব্যবহার এবং ভিত্তিমূলক শিক্ষা শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠকেও অংশ নেন তারা।

মাহদী আমিন তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে এবং তাকে সমাজ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করে। তার মতে, একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা শুধু চাকরির জন্য নয়, বরং জীবন ও সমাজ গঠনের ভিত্তি তৈরি করে।

এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম-২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও মানোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।