Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / যদি রাজনীতি করেন, শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যদি রাজনীতি করেন, শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত!

April 24, 2026 06:15:33 PM   দেশেরপত্র ডেস্ক
যদি রাজনীতি করেন, শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত!

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন; যদি রাজনীতি করেন, তাহলে শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় ঘটেছে। প্রভাবশালী ব্যক্তিদের সন্তুষ্ট করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং সব কার্যক্রম আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

ডেপুটি স্পিকার শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইন মেনে চলবে, তাদের পাশে থাকা হবে—আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন