


চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে হঠাৎ করেই সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে এই কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়ন -এর মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি। অভিযোগ রয়েছে, উভয় সংগঠনই বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।
ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, নির্ধারিত নিয়মে তারা এতদিন একসঙ্গে চাঁদা আদায় করলেও হঠাৎ করে অন্য পক্ষ আলাদাভাবে চাঁদা তোলা শুরু করে। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাকা হয়েছে।
অন্যদিকে মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত দাবি করেন, তারা নিয়ম মেনেই বাস থেকে চাঁদা নিচ্ছেন। বরং অন্য সংগঠন অবৈধভাবে বাস থেকেও চাঁদা আদায় করছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই পক্ষকে নিয়ে বৈঠক হলেও এখনো সমঝোতা হয়নি। পরিস্থিতি সমাধানে চেষ্টা চলছে এবং সড়কে চাঁদাবাজি না করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।