


বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এই আমন্ত্রণ জানানো হয়।
২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশ নেবেন। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের সময়ে ছাত্র-জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ দৃশ্যমান নেতৃত্ব ও প্রভাবশালী ভূমিকা রাখেন। তাঁর রাজনৈতিক বিশ্লেষণ ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
প্যানেল আলোচনার পাশাপাশি তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ে অংশ নেবেন। পুরো সফর সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বও অক্সফোর্ড ইউনিয়ন নিজেই গ্রহণ করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
এই আমন্ত্রণ তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি দৃশ্যমান করে তুলবে বলে মনে করা হচ্ছে।