Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জ্বালানি তেলের দাম বাড়তেই ৪২% ভাড়া বাড়াতে চান লঞ্চমালিকেরা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জ্বালানি তেলের দাম বাড়তেই ৪২% ভাড়া বাড়াতে চান লঞ্চমালিকেরা!

April 19, 2026 08:43:07 PM   অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়তেই ৪২% ভাড়া বাড়াতে চান লঞ্চমালিকেরা!

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। তারা ৪২ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) কাছে চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লঞ্চ মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান স্বাক্ষরিত চিঠিটি আজ রোববার পাঠানো হয়। এতে বলা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে, যার ফলে লঞ্চ পরিচালনার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শুধু জ্বালানি নয়, লঞ্চ পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন উপকরণের দামও বেড়েছে। এর মধ্যে রয়েছে প্লেট, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ অন্যান্য সরঞ্জাম। সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

লঞ্চ মালিকদের মহাসচিব সিদ্দিকুর রহমান একটি উদাহরণ দিয়ে বলেন, ঢাকা থেকে বরিশাল রুটে যেতে ৬ থেকে ৭ ব্যারেল ডিজেল লাগে, অর্থাৎ প্রায় ১৪০০ লিটার জ্বালানি ব্যবহার হয়। প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ায় শুধু এই রুটেই অতিরিক্ত খরচ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার টাকা।

প্রস্তাব অনুযায়ী, যাত্রীভাড়া কাঠামোতে বড় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে বর্তমান ১ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ৩ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়কপথের উন্নতির কারণে অনেক যাত্রী এখন নৌপথের পরিবর্তে সড়কপথে যাতায়াত করছেন। এতে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এমন পরিস্থিতিতে ভাড়া সমন্বয় না করলে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ) নৌপথে ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে এবং অনুমোদিত ভাড়ার তালিকা সব ঘাট ও নৌযানে দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিওটিএর পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সদ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই ভাড়া বৃদ্ধি হবে কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।