Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ভোরের আলো ফুটতেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোরের আলো ফুটতেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

December 04, 2025 06:02:51 PM   দেশেরপত্র ডেস্ক
ভোরের আলো ফুটতেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

ভোররাতেই লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ৬টার মধ্যে তাঁকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়া হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

দলীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, শুধু সময়ের অপেক্ষা।

এর আগে দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারওয়েজের মাধ্যমে তাঁকে মধ্যরাতে বা সকালে লন্ডনে নেওয়া হবে।

বেগম জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৫ জন যাওয়ার কথা রয়েছে। দলে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে; তাঁদের নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক ডা. রিচার্ড বিলি।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, কাতারের আমিরের ব্যবহারের বিশেষ বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স—বেগম জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

উন্নত চিকিৎসার আশায় ভোরের আলো ফুটতেই লন্ডনের পথে রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।