Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ভারতের হাইকমিশনার দেশে পূর্ণ নিরাপত্তার মধ্যেই রয়েছেন: হুমায়ুন কবির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতের হাইকমিশনার দেশে পূর্ণ নিরাপত্তার মধ্যেই রয়েছেন: হুমায়ুন কবির

December 24, 2025 11:02:12 AM   অনলাইন ডেস্ক
ভারতের হাইকমিশনার দেশে পূর্ণ নিরাপত্তার মধ্যেই রয়েছেন: হুমায়ুন কবির

ভারতের হাইকমিশনার বাংলাদেশে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যেই অবস্থান করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান পরিস্থিতিতেও ভারতের হাইকমিশনারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কারণ নেই।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অ্যালায়েন্স ফর ট্রান্সফর্ম নেশন’ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন, বিএনপি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সহযোগিতামূলক ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি স্পষ্ট করে বলেন, সেই সম্পর্ক শেখ হাসিনার সময়কার একতরফা নীতির মতো হবে না।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশের জনগণের অনুভূতি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। দেশের স্বার্থকে উপেক্ষা করে কোনো ধরনের আপসকামী পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের কোনো সন্ত্রাসী যাতে ভারতে আশ্রয় না পায়, সে বিষয়েও ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বিএনপি। এ ধরনের ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেই ভবিষ্যৎ সম্পর্ক পরিচালিত হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতের বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাহীনতার অভিযোগ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে হুমায়ুন কবির এ বিষয়ে সরকারের কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।