


প্রথমবারের মতো দলের গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তিনি যুক্ত হন। সেখানে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানানো থেকে শুরু করে চলমান কাজের অগ্রগতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনাও দেন জাইমা।
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। জাইমা রহমান লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। তার আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যারিস্টারি অর্জনের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দলের ভবিষ্যৎ রাজনীতিতে তাকে ঘিরে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
যদিও রাজনৈতিক অঙ্গনে তার আনুষ্ঠানিক পদচারণা নতুন, ছোটবেলা থেকেই দলীয় পরিবেশ এবং রাষ্ট্রীয় আয়োজনের সঙ্গে তার পরিচিতি ছিল। দাদি বেগম খালেদা জিয়ার পাশে তাকে দেখা গেছে বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। দলের একাধিক শীর্ষ নেতার মতে, ব্যারিস্টারি পাসের পর দলীয় গুরুত্বপূর্ণ সভায় তার অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত বহন করে। তাদের ধারণা, দেশ-বিদেশে দলীয় কর্মকাণ্ডে জাইমা রহমানের উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক পরিসরে দলের গ্রহণযোগ্যতাকে নতুন মাত্রায় উন্নীত করতে পারে।