


টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (৪ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, রোববার (৩ মে) বিষয়টি জানার পর পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারকে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করে। পরবর্তীতে শিশুটির মা মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ঘটনার পর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল -এ পাঠানো হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।