


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অপহরণ ও হত্যা মামলায় ‘নিখোঁজ’ হিসেবে পরিচিত এক তরুণী সাত বছর পর জীবিত উদ্ধার হয়েছেন। দীর্ঘ সময় পর তার হঠাৎ ফিরে আসায় এলাকায় চাঞ্চল্য ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (৩ মে) রাতে ভোলাহাট-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। বিষয়টি সোমবার (৪ মে) বিকেলে নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এক খুদে বার্তায় তথ্য দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট থানার খালেআলমপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘদিন তার কোনো সন্ধান না পাওয়ায় তার মা আদুরী বেগম আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩৬৪, ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে প্রাথমিক তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও, একই ঘটনার নতুন তথ্যের ভিত্তিতে সিআর ১৯৯/২০২৪ (ভোলা) নম্বরের আরেকটি মামলা পুনরায় তদন্তের জন্য ভোলাহাট থানায় নথিভুক্ত করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়েশাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই দীর্ঘ সাত বছর তিনি কোথায় ছিলেন ও কার সঙ্গে ছিলেন—তা জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আদালতে হাজির করা হবে।
দীর্ঘ সাত বছর পর মেয়েকে জীবিত ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরলেও, এই দীর্ঘ অনুপস্থিতির কারণ এবং মামলার ভবিষ্যৎ গতি নিয়ে এখনো রহস্য ও নানা প্রশ্ন রয়ে গেছে।