


ইরানে চলমান বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র–তেহরানের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে, দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন। এই যুদ্ধজাহাজের সঙ্গে তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম উইওন জানায়, জাহাজটি স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব সাগরে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় নেবে। দক্ষিণ চীন সাগরে অবস্থানকালে জাহাজটি এফ-৩৫সি যুদ্ধবিমানের উড্ডয়ন অনুশীলন ও সরাসরি গোলাবর্ষণ মহড়া চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, “সহায়তা আসছে।” তবে তিনি উল্লেখ করেছেন যে, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে, তাই সামরিক হস্তক্ষেপের প্রয়োজন কি না—সেটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কয়েক সপ্তাহের সহিংস অস্থিরতার পর ইরানের সরকারের পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এবং যেকোনো শাসনব্যবস্থা ব্যর্থ হতে পারে।
সূত্র: নিউজ নেশন, উইওন, রয়টার্স