Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

April 20, 2026 07:54:59 PM   অনলাইন ডেস্ক
জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দামে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম কিছুটা সমন্বয় করা হলেও সরকারের লক্ষ্য হলো মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের ওপর না পড়া।

সোমবার (২০ এপ্রিল) সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বব্যাপী প্রায় সব দেশেই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। তুলনামূলকভাবে দেশে যে সমন্বয় করা হয়েছে তা সীমিত। তাই এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, আমরা যে খাদ্য গ্রহণ করি তা সরাসরি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল নয়। তবে উৎপাদন ও পরিবহন খরচে জ্বালানি ব্যবহার হয়। তার মতে, ম্যানুফ্যাকচারিং খাতে মোট উৎপাদন খরচের মাত্র ৭ থেকে ৮ শতাংশ জ্বালানির সঙ্গে সম্পর্কিত, ফলে এর প্রভাব সীমিত থাকবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সরকার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ে সে বিষয়ে সতর্ক রয়েছে।

এ সময় স্বাস্থ্য খাত নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, গত দুই বছরে বিভিন্ন কারণে এবার হাম ও রুবেলার প্রকোপ কিছুটা বেড়েছে। তবে সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে।