Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

April 20, 2026 09:30:11 PM   উপজেলা প্রতিনিধি
বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকরাম হোসাইন, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আলাউদ্দিন ও মো. আরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৩ হাজার ২৪৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি অস্থায়ী কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাকিনা আক্তার বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির গুরুত্ব অপরিসীম। তিনি সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানান এবং এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।