Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / দুর্নীতি করে শিক্ষা মন্ত্রণালয়ে কেউ ২৪ ঘণ্টা থাকতে পারবে না! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুর্নীতি করে শিক্ষা মন্ত্রণালয়ে কেউ ২৪ ঘণ্টা থাকতে পারবে না!

April 20, 2026 06:45:44 PM   দেশেরপত্র ডেস্ক
দুর্নীতি করে শিক্ষা মন্ত্রণালয়ে কেউ ২৪ ঘণ্টা থাকতে পারবে না!

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির সঙ্গে জড়িত কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, “আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে ২৪ ঘণ্টা থাকতে পারবে না। আমি তা করেছি, এখনো করছি। আজ কয়েকজনকে বিদায় দিয়েছি।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে কোর্স শেষ করার পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। তিনি বলেন, সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার সময়সূচি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, নির্ধারিত কোর্স শেষ হওয়ার পরই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার ভাষায়, “কোর্স শেষ হলে পরীক্ষা নেবো, এটা তো স্বাভাবিক বিষয়।”

শিক্ষাবর্ষ এক বছর পিছিয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের সময় নষ্ট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তবে সেই অনুযায়ীই পরবর্তী পরীক্ষা আয়োজন করা হবে।

মন্ত্রী আরও জানান, শিক্ষা কার্যক্রম নিয়মিত রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হচ্ছে এবং সিলেবাস যথাসময়ে শেষ করার প্রস্তুতি চলছে।