Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৩ জনের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৩ জনের

April 26, 2026 05:35:54 PM   অনলাইন ডেস্ক
গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৩ জনের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং একটি গরুর মৃত্যু হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়বৃষ্টি। এ সময় কয়েকজন বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। একই ঘটনায় আহত হয়েছেন শামীম (১৮)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের পাশে থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাত এতটাই আকস্মিক ছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোক বিরাজ করছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান। এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে চলছে শোকের মাতম।