Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কালবৈশাখীর শঙ্কা আবহাওয়া অফিসের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কালবৈশাখীর শঙ্কা আবহাওয়া অফিসের

April 26, 2026 06:28:48 PM   অনলাইন ডেস্ক
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কালবৈশাখীর শঙ্কা আবহাওয়া অফিসের

কয়েক দিনের দমবন্ধ করা তাপদাহের পর রাজধানী ঢাকায় অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। বিকেলে হালকা বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে শহরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে একইসঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারি বর্ষণের শঙ্কাও রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় আকাশে ঘন মেঘ জমে দিনের আলো অনেকটাই কমে গিয়ে সন্ধ্যার মতো অন্ধকার পরিবেশ তৈরি হয়। এর আগে দুপুর ২টার দিক থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে।

রাজধানীর বাংলামোটর, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। সময় সংবাদের প্রতিনিধিরা জানান, শহরের বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী সাজ্জাত বলেন, কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তারা। বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি এলেও অফিস শেষে বাসায় ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন তিনি। তবুও দীর্ঘদিন পর এমন বৃষ্টিতে স্বস্তির অনুভূতি মিলেছে বলে জানান তিনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্ন শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরাঞ্চল ও এর আশপাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও সতর্ক করেছে, এই ভারি বর্ষণের ফলে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।