


জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা আবারও অভিনেতা আরশ খানের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। একসময় ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া এই জুটিকে ঘিরে নতুন করে ইতিবাচক বার্তা দিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানান, আরশ খানের সঙ্গে তার দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান ঘটেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ে গেলে এখনো দর্শক ও ভক্তদের কাছ থেকে আরশ খানের প্রসঙ্গ উঠে আসে। বর্তমানে তিনি কামারপাড়ায় একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকলেও আরশ খান কোথায় শুটিং করছেন, সে বিষয়ে নিশ্চিত নন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে তিশা বলেন, আরশের সঙ্গে তার যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট ছিল, সেটি এখন আর নেই এবং তিনি আবারও তার সঙ্গে কাজ করতে আগ্রহী।
ভবিষ্যতে আরশ খানের সঙ্গে একই প্রজেক্টে কাজের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিশা জানান, ভালো গল্প ও উপযুক্ত পরিকল্পনা থাকলে তিনি অবশ্যই এই জুটিতে ফিরতে চান। তার ভাষায়, কোনো পরিচালক যদি শক্তিশালী গল্প নিয়ে আসেন এবং দুজনের শিডিউল সমন্বয় করা সম্ভব হয়, তাহলে আরশের সঙ্গে কাজ করতে তার পক্ষ থেকে কোনো আপত্তি নেই।
এ সময় বিদায়ী বছর নিয়েও নিজের অনুভূতির কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ২০২৫ সাল তার জন্য অনেকটাই টিকে থাকার বা সারভাইভ করার মতো একটি বছর ছিল, যেখানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
নতুন বছর নিয়ে আশাবাদ প্রকাশ করে তিশা বলেন, ইনশাআল্লাহ ২০২৬ সাল তিনি নতুনভাবে, নতুন উদ্যম ও ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করতে চান। নতুন বছর যেন তার জীবনে ও ক্যারিয়ারে ভালো কিছু বয়ে আনে—এমন প্রত্যাশা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।