Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাসের বিক্রি বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাসের বিক্রি বন্ধ

January 08, 2026 10:24:20 AM   দেশেরপত্র ডেস্ক
আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাসের বিক্রি বন্ধ

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

এর আগে বুধবার সকালে কমিশন বৃদ্ধি, প্রশাসনিক হয়রানি ও জরিমানা বন্ধসহ মোট ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। দাবি পূরণ না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়।

একইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সেখানে তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত বর্তমান এলপিজি মূল্য কাঠামো বাস্তবসম্মত নয়। নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করা জরুরি বলে দাবি করেন তারা। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও ব্যবসায়ীদের হয়রানি এবং অযৌক্তিক জরিমানা বন্ধ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় বুধবার সন্ধ্যায় নোটিশের মাধ্যমে সেই ঘোষণাই পুনর্ব্যক্ত করা হয়।

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় দেশের গৃহস্থালি, হোটেল-রেস্তোরাঁ ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহে সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।