


লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় হৃদয় (২৬) নামে এক তরুণকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী উম্মে জান্নাত সাথীর (২৮) বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে আটক করে। আহত হৃদয় বাবুপাড়া এলাকার এরশাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো চাকু দিয়ে হৃদয়ের গলা কেটে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে আটক করেছে। হামলায় ব্যবহৃত ধারালো চাকুটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”