


বাংলাদেশের ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের আলোচিত নাম সাকিব আল হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, দেশে ফেরার অনিশ্চয়তা এবং ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই বিশ্বসেরা অলরাউন্ডারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের অবস্থান খুব দ্রুত বদলে গেছে। তিনি মন্তব্য করেন, “একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।”
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরায়? জবাবে সাকিব বলেন, “এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।” তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও ব্যাখ্যা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। তার সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল বোর্ড সভাপতি হিসেবে নতুন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, নির্বাচনের পর নতুন বোর্ড এলে তারা সময় নিয়ে পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যে সমালোচনা হয়েছে, সেটি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। তিনি বলেন, আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।
খেলোয়াড়ি জীবন চলাকালেই নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন। সাকিব বলেন, “কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম।” তার এই বক্তব্যে উঠে এসেছে নিজ এলাকার মানুষের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয়ের বিষয়টি।
বর্তমানে মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচনায় থাকলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার হিসেবেই বিবেচিত হন সাকিব। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও ব্যক্তিগত মন্তব্যের কারণে তাকে ঘিরে নতুন করে জনমত ও বিতর্ক তৈরি হয়েছে।