


তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি রাজ্যজুড়ে ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি এই নির্দেশ দেন। রাজ্য সরকারের অধীনস্থ তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত মোট ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান চালু রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলের আশপাশে থাকা দোকানগুলো অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, যেসব দোকান বন্ধ করা হচ্ছে তার মধ্যে রয়েছে-
নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান বা বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না।
গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিবিদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল টিভিকে (তামিলনাড়ু ভেট্টি কাজাগাম) এবারের নির্বাচনে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে উল্লেখযোগ্য বিজয় অর্জন করে।
বিজয়ের নেতৃত্বে গঠিত এই জোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থন রয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক নীতির ওপর গুরুত্ব দিচ্ছেন।
তার ঘোষিত অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে-বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলাভিত্তিক মাদকবিরোধী ইউনিট গঠনের পরিকল্পনা।
তবে বিশ্লেষকরা মনে করছেন, এত বড় সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজ্য সরকারের রাজস্বে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ টাসম্যাক থেকে রাজ্যের আয়ের একটি বড় অংশ আসে। ফলে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নেও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিজয় ইতোমধ্যেই পূর্ববর্তী ডিএমকে সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও কৌতূহল সৃষ্টি করেছে।
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই থালাপতি বিজয়ের এই কঠোর সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এবিপি