Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুরে ফসলি মাঠ থেকে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুরে ফসলি মাঠ থেকে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

May 12, 2026 05:55:09 PM   ভ্রাম্যমাণ প্রতিনিধি
আক্কেলপুরে ফসলি মাঠ থেকে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ছিল।

স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, দুপুরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ দেখতে পান মাটির নিচ থেকে একটি মানুষের হাত বেরিয়ে আছে। এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আক্কেলপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে নিথর দেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের হাত ও পা রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও দেখা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে পুঁতে রেখেছিল যাতে অপরাধটি আড়াল করা যায়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। উদ্ধারের সময় তার পরনে একটি লুঙ্গি ও নীল-ঘিয়া রঙের গেঞ্জি ছিল। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও আতঙ্ক তৈরি হয়।

আক্কেলপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকায় এ ধরণ এর অপরাধ ঠেকাতে নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছে পুলিশ।