Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / প্রদীপ জ্বালাতে গিয়ে ভয়াবহ দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী মিতা সাহার মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

প্রদীপ জ্বালাতে গিয়ে ভয়াবহ দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী মিতা সাহার মৃত্যু

May 17, 2026 02:22:37 PM   অনলাইন ডেস্ক
প্রদীপ জ্বালাতে গিয়ে ভয়াবহ দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় আইনজীবী মিতা সাহার মৃত্যু

ঝিনাইদহে পূজার সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহা (৪৭) মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ ১০ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৬ মে) তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিনাইদহের আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজপাড়া এলাকার শ্যামল কুমার সাহার স্ত্রী ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় আইনজীবী সমিতি ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ জানান, গত ৭ মে সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় নিজ বাড়িতে পূজার প্রদীপ জ্বালানোর সময় অসাবধানতাবশত প্রদীপের তেল শরীরে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীরের বড় অংশ আগুনে ঝলসে যায়।

প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মেয়ে তাথৈ বর্তমানে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়।

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে মরহুমার স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।