Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

May 17, 2026 01:11:22 PM   অনলাইন ডেস্ক
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরার সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে পরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। শনিবার (১৬ মে) গভীর রাতে উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তাসলিমা খাতুন (৩৬) দুই সন্তানের জননী ছিলেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে তাসলিমার সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার লোকমান হোসেন মোড়লের ছেলে সাদ্দাম হোসেন মোড়লের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তারা লক্ষ্মীদারি গ্রামে সাদ্দামের নানার বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। কিছুদিন আগে অভাবের কারণে তাসলিমা বাবার বাড়ি থেকে একটি ছাগল এনে পালন করছিলেন। অভিযোগ রয়েছে, সাদ্দাম সেই ছাগল চুরি করে বিক্রি করে দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম হাতুড়ি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের।

রাত পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।”