


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। একই দিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আন্দোলনকেন্দ্রিক সংগঠনের একাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেওয়ায় দলটির সাংগঠনিক বিস্তারে নতুন গতি এসেছে বলে দাবি করেছে দলটি।
মঙ্গলবার (৪ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যোগদানের ঘোষণা দেওয়া হয়। সেখানে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাদিমুর রহমানসহ নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরায়েজী আন্দোলনের বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও একইদিন এনসিপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি জুলাই আন্দোলনভিত্তিক সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর শীর্ষ নেতারাও দলটিতে যুক্ত হয়েছেন।
এদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী। অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় এনসিপি নেতারা।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রজন্মের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অনেক রাজনৈতিক পরিবারের সদস্যরাও এখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এর ফলে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সংকটের সমাধান জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
আঞ্চলিক রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব ভবিষ্যতে আঞ্চলিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি।