Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট মালিক, আতঙ্কে লংগদুর মানুষ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট মালিক, আতঙ্কে লংগদুর মানুষ

May 05, 2026 09:12:43 PM   অনলাইন ডেস্ক
গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট মালিক, আতঙ্কে লংগদুর মানুষ

রাঙামাটির লংগদুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. রাসেল নামের ওই এজেন্ট মালিক সোমবার (৪ মে) থেকে হঠাৎ করেই ব্যাংকিং আউটলেট বন্ধ করে উধাও হয়ে যান। আউটলেটে তালা ঝুলতে দেখে এবং তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে একে একে গ্রাহকরা জানতে পারেন, তাদের জমা দেওয়া অর্থ ব্যাংকের মূল হিসাবে জমা হয়নি।

ভুক্তভোগীরা জানান, তারা নিয়মিত ওই এজেন্ট ব্যাংকিং সেন্টারে এসে টাকা জমা দিতেন এবং জমার রসিদও গ্রহণ করতেন। কিন্তু অভিযোগ উঠেছে, রাসেল সেই অর্থ গ্রাহকের প্রকৃত অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিতেন। ফলে এখন অনেকের অ্যাকাউন্টে কোনো অর্থের হিসাব পাওয়া যাচ্ছে না।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অনেকেই জানান, তাদের সারাজীবনের সঞ্চয় এই প্রতারণার মাধ্যমে হারিয়ে গেছে। তারা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লংগদু বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাসেম মেম্বার বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং ইতোমধ্যে তারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ইসলামী ব্যাংকের রাঙামাটি জেলা শাখা অফিস জানিয়েছে, যেসব গ্রাহকের লেনদেন ব্যাংকের নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং যাদের অর্থ সঠিকভাবে অ্যাকাউন্টে জমা রয়েছে, তারা তাদের অর্থ ফেরত পাবেন। তবে ব্যাংকিং ব্যবস্থার বাইরে কোনো ব্যক্তিগত বা অনিয়মিত লেনদেনের দায়ভার ব্যাংক নেবে না বলেও জানানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং গ্রাহকরা তাদের জমা অর্থ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।