


ফেনী পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ চার বছর ধরে স্থপতি ও ডিজাইনারদের সিল-স্বাক্ষর জাল করে ভবনের নকশা তৈরির অভিযোগে এক কথিত সিভিল ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে ফেনী থেকে আবদুর রহিম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ‘ইউনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ জানায়, ফেনী মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিকেলে জেলহাজতে পাঠিয়েছে। এ ঘটনায় ফেনী পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জামান অ্যান্ড রহিম প্লাজায় অবস্থিত তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ভবনের নকশা তৈরি করে আসছিলেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ মার্চ বারাহিপুর এলাকার হাছিনা আক্তার ও বিরিঞ্চি এলাকার মো. বাহার মিয়া নিজ নিজ জমিতে ভবন নির্মাণের জন্য দুটি নকশা পৌরসভায় জমা দেন। নকশাগুলোতে স্থপতি হিসেবে মাহমুদ হাসান রিয়াজ এবং ডিজাইনার হিসেবে মো. আহসান হাবিবের সিল ও স্বাক্ষর যুক্ত ছিল। তবে যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পরে পৌরসভার অনুমতিক্রমে আবদুর রহিমকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, অন্য প্রতিষ্ঠানের সিল ব্যবহার করে নিজেই স্বাক্ষর করতেন এবং প্রকৃত স্থপতি ও ডিজাইনারদের পারিশ্রমিক না দিয়ে পুরো অর্থ আত্মসাৎ করাই ছিল তার উদ্দেশ্য।
এর আগে স্থপতি মাহমুদ হাসান রিয়াজও তার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনে পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি দাবি করেন, গত চার বছর ধরে তিনি ফেনী পৌরসভায় কোনো নকশায় স্বাক্ষর করেননি বা কোনো নকশা জমা দেননি।
ঘটনাটি সামনে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে এমন জালিয়াতি চললেও তা নজরে না আসা উদ্বেগজনক। প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।