Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দায়িত্ব গ্রহণের পর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

দায়িত্ব গ্রহণের পর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

May 12, 2026 12:30:16 PM   দেশেরপত্র ডেস্ক
দায়িত্ব গ্রহণের পর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শন করেছেন তারেক রহমান। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার সকালে তিনি ক্যাম্পাসে পৌঁছান। সফর ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল কড়া নিরাপত্তা ও আনুষ্ঠানিক পরিবেশ।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত একটি দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করতেই তার এই সফর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার শিরোনাম ছিল-
ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স।

কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত নীতিগত রূপরেখা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উদ্বোধনী পর্ব শেষে কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষাব্যবস্থা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

শিক্ষা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মশালা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে, যেখানে নীতিনির্ধারণে একাডেমিক ও প্রশাসনিক পর্যায়ের সমন্বয় ঘটবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বশেষ সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবার তিনি কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ প্রাঙ্গণে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।