


কুড়িগ্রাম প্রতিনিধি:
দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রুটে ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক মো. নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বৃহস্পতিবার রৌমারী ঘাট থেকে ‘কদম’ নামের ফেরিটি চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ নামের আরও একটি ফেরি এই রুটে যুক্ত হবে।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর এই নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু হয়েছিল। তবে চালুর পর থেকে নাব্য সংকটের কারণে কয়েকবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ ছিল এই সেবা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার ড্রেজিং করার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে এসেছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে। ঘাট এলাকায় যাতায়াতের ধরণ সহজ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।