


আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইটকে ঘিরে এবার জমে উঠছে দুবাইয়ের সাংস্কৃতিক মঞ্চ। আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে তুলছেন তিনি। এবার তিনি এশিয়ার মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দুবাইয়ের এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে।
একই মঞ্চে তার সঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই তারকার উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও বর্ণাঢ্য করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আন্তর্জাতিক অতিথিরাও এই গালা নাইটে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ব্যবসায়িক বা রিয়েল এস্টেট প্রদর্শনী নয়, এই গালা নাইটকে বিনোদন ও সাংস্কৃতিক মিলনমেলায় রূপ দিতে চায় তারা। তাই জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ অনুষ্ঠানটির গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে দেবে।
চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, বর্তমানে তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে এবার এশিয়ার একটি বড় আয়োজনের অংশ হতে যাচ্ছেন তিনি। তার ভাষায়, “আমি খুব দ্রুত দেশে ফিরতে পারছি না। অনেকদিন ধরে আমেরিকায় আছি। এবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি, যেখানে আমার সঙ্গে থাকবেন নুসরাত ফারিয়া।”
দুবাইয়ের আন্তর্জাতিক এই গালা নাইট ঘিরে তারকাদের অংশগ্রহণ এবং প্রবাসী দর্শকদের আগ্রহ অনুষ্ঠানটিকে আরও বর্ণাঢ্য ও আলোচিত করে তুলবে বলে মনে করা হচ্ছে।