Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

May 08, 2026 06:04:40 PM   আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর ক্ষমতায় আসছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। সর্বশেষ সমর্থন নিশ্চিত হওয়ার পর দলটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে দলনেতা থালাপতি বিজয় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে থালাপতি বিজয়ের। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উপস্থাপন করবেন।

এর আগে দুই দফা বৈঠকে সরকার গঠনের অনুমতি পাননি বিজয়। কারণ তখন টিভিকে’র হাতে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা ছিল না। গভর্নর তখন স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন, কোন দলগুলোর সমর্থনে সরকার গঠন সম্ভব এবং কীভাবে প্রশাসন পরিচালিত হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর টিভিকে’র আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৯-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে। এই সমর্থন পাওয়ার পরই বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মোট ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে বড় চমক দেখায় টিভিকে। তবে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন দলের সমর্থন নিয়ে সেই শূন্যতা পূরণ করে দলটি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে রাজ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।