Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন: হাকালুকি হাওর ধ্বংসের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন: হাকালুকি হাওর ধ্বংসের অভিযোগ

May 11, 2026 08:15:04 PM   উপজেলা প্রতিনিধি
জুড়ীতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন: হাকালুকি হাওর ধ্বংসের অভিযোগ

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং হাকালুকি হাওরের মাছ ধ্বংস করার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক ও স্থানীয় মৎস্যজীবীরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বেলাগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো. হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ ও আজিজ মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান দীর্ঘদিন এক জায়গায় কর্মরত থেকে হাকালুকি হাওরকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন বিল ও জলাশয়ে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে সেচ মেশিন দিয়ে পানি শুকিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে। এর ফলে হাওরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তাদের দাবি, হাকালুকি হাওরের চাতলা বিল, তুরল বিল ও নাগুয়াবিলসহ বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে ১০ থেকে ১৫টি সেচ মেশিন ব্যবহার করে বিল শুকিয়ে মাছ আহরণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে করে অবৈধ মাছ শিকারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, অবৈধ মৎস্য শিকার বন্ধে উদ্যোগ নেওয়ার বদলে মৎস্য কর্মকর্তা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে এই সব কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে এই কর্মকর্তার অপসারণ এবং হাকালুকি হাওরের সম্পদ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।