Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

May 10, 2026 11:31:49 AM   অনলাইন ডেস্ক
গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে উপজেলার বাগচলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল একদল ব্যক্তি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হলে তাদের মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি সংঘবদ্ধ দল গরু চুরির উদ্দেশ্যে বাগচলা এলাকায় প্রবেশ করে। সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজন ধরা পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক হওয়ার পর উত্তেজিত জনতা তাদের মারধর শুরু করে। গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়। এতে তিনজনই নিহত হয়েছেন। আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ঘটনাস্থলে থাকা পিকআপ ভ্যানটিতে আগুন দেওয়ার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এদিকে এমন গণপিটুনির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।