Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ!

May 10, 2026 01:14:27 PM   অনলাইন ডেস্ক
সুদের টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ!

মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে রহিম সর্দার (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রহিম সর্দার ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। এতে গুরুতর আহত হন রহিম।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নিলুফা বেগম অভিযোগ করে বলেন, “আমার ভাই ৫০ হাজার টাকা সুদে নিয়েছিল। পরে সুদ-আসল মিলিয়ে এক লাখ টাকা পরিশোধও করেছে। এরপরও আসাদ আরও টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল। আজ আমার ভাইকে মেরে ফেলেছে।”

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। তারা একসঙ্গে ব্যবসা করতেন। পাওনা টাকা চাইতে গিয়ে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় রহিম আহত হন এবং পরে মারা যান।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।