Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / মা দিবসে আবেগঘন স্মৃতিচারণা তৌসিফ মাহবুবের: রক্তাক্ত অবস্থায়ও ছেলেকে নিতে ছুটে এসেছিলেন মা - দৈনিক দেশেরপত্র - মানবতার ক...

মা দিবসে আবেগঘন স্মৃতিচারণা তৌসিফ মাহবুবের: রক্তাক্ত অবস্থায়ও ছেলেকে নিতে ছুটে এসেছিলেন মা

May 10, 2026 03:42:45 PM   বিনোদন ডেস্ক
মা দিবসে আবেগঘন স্মৃতিচারণা তৌসিফ মাহবুবের: রক্তাক্ত অবস্থায়ও ছেলেকে নিতে ছুটে এসেছিলেন মা

বিশ্ব মা দিবসে আবেগে ভাসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, কীভাবে একদিন ছিনতাইকারীদের হামলার শিকার হয়েও রক্তাক্ত অবস্থায় ছেলেকে একা না রাখার জন্য স্কুলে ছুটে এসেছিলেন তার মা।


বছরের প্রতিটি দিনই মায়ের প্রতি ভালোবাসার হলেও বিশ্ব মা দিবস আসে বিশেষভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর উপলক্ষ হয়ে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে মায়েদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে নানা আবেগঘন বার্তা ছড়িয়ে পড়ে।

এবার মা দিবসে নিজের ব্যক্তিগত জীবনের এক হৃদয়বিদারক ঘটনা শেয়ার করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি তুলে ধরেন শৈশবের একটি ভয়ংকর স্মৃতি এবং মায়ের অসাধারণ ত্যাগের গল্প।

তিনি জানান, ১৯৯৮-৯৯ সালের দিকে তিনি তখন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়তেন। প্রতিদিন স্কুল শেষে তার বাবা বা খালু তাকে নিয়ে যেতেন। কিন্তু একদিন হঠাৎ কেউ তাকে নিতে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর স্কুলের দারোয়ানের কক্ষে একা বসে থাকতে হয় তাকে।

সেই সময় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ছিল নিয়মিত ও ভয়াবহ। সন্ধ্যা গড়িয়ে গেলেও যখন কেউ আসেনি, তখন তিনি ভীষণ ভয় ও উদ্বেগের মধ্যে ছিলেন। পরে রিকশার বেল শুনে তিনি দেখতে পান, তার মা তাকে নিতে এসেছেন।

May be an image of one or more people and people smiling

তবে মাকে দেখেই তিনি তখন রাগ প্রকাশ করেন। কিন্তু কিছুক্ষণ পরই রিকশাচালকের মাধ্যমে জানতে পারেন ভয়াবহ সেই ঘটনা।

অভিনেতার বর্ণনা অনুযায়ী, স্কুলে আসার পথে ছিনতাইকারীরা তার মায়ের ওপর হামলা চালায়। তারা তার মায়ের পেটে ছুরি মেরে তার কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেয়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় থাকা সত্ত্বেও তিনি কোনো হাসপাতালে না গিয়ে বা সাহায্য না নিয়ে সরাসরি ছেলের কাছে স্কুলে চলে আসেন।

স্ট্যাটাসে তৌসিফ মাহবুব লেখেন, তার মা আহত অবস্থাতেই শুধু একটাই চিন্তা করেছিলেন—ছেলে যেন একা না থাকে। সেই ভালোবাসা ও ত্যাগই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে আছে।

তিনি আরও উল্লেখ করেন, তার জীবনের প্রতিটি ধাপে মায়ের অসংখ্য ছোট-বড় ত্যাগ ও ভালোবাসার গল্প রয়েছে, যা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে অভিনেতা বলেন, তিনি জানেন না এসব ত্যাগের প্রতিদান কীভাবে দেওয়া সম্ভব, তবে তিনি তার মাকে অকুণ্ঠ ভালোবাসেন।

এছাড়া বিশ্বজুড়ে সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, প্রতিটি মা সন্তানের জন্য অকল্পনীয় ত্যাগ স্বীকার করেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি সব মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং যেসব মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত প্রার্থনা করেন।