Date: May 05, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কেরালার বাম দুর্গে ইতিহাস, মুসলিম তরুণীর বিজয়ে রাজনৈতিক ভূকম্পন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেরালার বাম দুর্গে ইতিহাস, মুসলিম তরুণীর বিজয়ে রাজনৈতিক ভূকম্পন

May 05, 2026 12:22:05 PM   আন্তর্জাতিক ডেস্ক
কেরালার বাম দুর্গে ইতিহাস, মুসলিম তরুণীর বিজয়ে রাজনৈতিক ভূকম্পন

কেরালার দীর্ঘদিনের বামপন্থী শক্ত ঘাঁটিতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে ইতিহাস গড়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) তরুণ নেত্রী ফাতেমা তাহলিয়া। ৪৬ বছরের একচ্ছত্র বাম আধিপত্য ভেঙে পেরাম্বরা আসনে তার এই বিজয়কে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৪ মে) ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, কোজিকোড জেলার পেরাম্বরা আসনে ফাতেমা তাহলিয়া বিপুল ভোটে পরাজিত করেছেন ক্ষমতাসীন এলডিএফ জোটের কনভেনার ও অভিজ্ঞ বাম নেতা টি পি রামকৃষ্ণানকে। এই আসনটি ১৯৮০ সাল থেকে ধারাবাহিকভাবে সিপিআইএমের দখলে ছিল, ফলে এটি ছিল দলের অন্যতম নিরাপদ ঘাঁটি।

এই জয়ের মাধ্যমে তাহলিয়া শুধু নিজের দলের প্রথম নারী বিধায়ক হিসেবেই ইতিহাস গড়েননি, বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি একধরনের ‘জায়ান্ট কিলার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভেঙে তার এই জয় কেরালার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পেশায় আইনজীবী ফাতেমা তাহলিয়া হিজাব পরিহিত একজন তরুণী হিসেবে পরিচিত, যিনি শুরু থেকেই সমাজ ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আইইউএমএলের ছাত্র সংগঠন এমএসএফের নারী শাখা ‘হারিতা’র প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।

নির্বাচনি প্রচারণার সময় তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ইস্যু তুলে প্রচার চালানোর অভিযোগ ওঠে। এ নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট নির্বাচন কমিশনে অভিযোগও জানায়। তবে এসব বিতর্ককে পাশ কাটিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে পৌঁছে নিজের অবস্থান শক্ত করতে সক্ষম হন।

তার প্রচারণার মূল শক্তি ছিল জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, শিক্ষিত ও আধুনিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং নারী অধিকার ও লিঙ্গ সমতার পক্ষে তার দীর্ঘদিনের অবস্থান। এসব কারণে তরুণ ভোটারদের মধ্যেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

বিশ্লেষকদের মতে, পেরাম্বরার ভোটাররা এবার প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে একজন নতুন প্রজন্মের, প্রতিবাদী ও আধুনিক ভাবনার প্রার্থীকে বেছে নিয়েছে। এই ফলাফল কেরালার রাজনৈতিক ভারসাম্যে ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস