Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

May 11, 2026 05:55:11 PM   অনলাইন ডেস্ক
এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবারের ঈদযাত্রাকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বৃষ্টির আশঙ্কা থাকায় সড়কে যানজট ও ভোগান্তি বাড়তে পারে। তাই পরিস্থিতি সামাল দিতে পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার (১১ মে) সচিবালয়ে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী জানান, ঈদযাত্রার চাপ কমাতে পোশাকশ্রমিকদের তিন থেকে চার ধাপে ছুটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইতোমধ্যে সম্মতি দিয়েছে।

তিনি বলেন, গতবার পরিকল্পনা থাকলেও ধাপে ছুটি কার্যকর না হওয়ায় শেষ দিনে গাজীপুর ও আশপাশের এলাকায় একসঙ্গে ১০ থেকে ১৫ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছিল। এতে তীব্র যানজট ও বিশৃঙ্খলা তৈরি হয়।

মন্ত্রী আরও বলেন, ঈদের ছুটি শুরু হলেই মানুষ দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেন। অনেকেই নিয়ম না মেনে বাসস্ট্যান্ডের বাইরে থেকে যেকোনো যানবাহনে উঠে পড়েন। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, তেমনি ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।

ঈদযাত্রা নিরাপদ রাখতে এবার সারা দেশে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

সেতুমন্ত্রী বলেন, বৃষ্টি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে পশুবাহী যানবাহনের কারণে মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনেও সমস্যা দেখা দেয়, যা যানজট বাড়িয়ে দিতে পারে।

ফেরি পারাপার নিয়েও নতুন নির্দেশনার কথা জানান তিনি। তার ভাষ্য, যাত্রী নামানো ছাড়া কোনো বাস ফেরিতে উঠতে পারবে না। এ জন্য ফেরিঘাটে বিশেষ ব্যারিকেড বসানো হবে। এছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট বা ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠাও নিষিদ্ধ থাকবে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা যায়।