


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সূচিও চূড়ান্ত করেছে সরকার। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকলেও মাদ্রাসাগুলোতে ছুটি মিলছে আরও বেশি-মোট ২১ দিন। ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ঈদের ছুটি ঘিরে বাড়তি আনন্দ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করবেন। তবে এ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি অফিস খোলা থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।
তবে সরকারি অফিসের ছুটির সূচিতে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে। এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত।
এর সঙ্গে আগের ও পরের সাপ্তাহিক বন্ধ যোগ হওয়ায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করতে পারবে। একইভাবে কলেজ পর্যায়েও মূল ঈদ ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ করা হয়েছে। মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ১১ জুন। সাপ্তাহিক ছুটিসহ মোট ২১ দিনের দীর্ঘ বিরতি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ এই ছুটি শিক্ষার্থীদের জন্য পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর ভালো সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ঈদ উদযাপনের পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশও উপভোগ করতে পারবে তারা।
এবারের ঈদুল আজহায় শিক্ষার্থীদের জন্য থাকছে দীর্ঘ ছুটির আনন্দ, যেখানে স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসা শিক্ষার্থীরা পাচ্ছেন বাড়তি পাঁচ দিনের অবকাশ।